admin
- ৯ মার্চ, ২০২৬ / ৯ Time View

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Reading Time: 2 minutes
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি-
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
এসময় খাগড়াছড়ি জেলার ১১ দলীয় জোটের বিভিন্ন উপজেলা থেকে আগত দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বিশিষ্টজনদের নিয়ে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের মাহাত্ম্য ও রোজার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করেছেন, যাতে মানুষ সংযম ও ধৈর্যের মাধ্যমে প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে উঠতে পারে। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি মানুষের ভেতরে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলি জাগ্রত করার মাধ্যম। এই পবিত্র মাসে কোরআন নাজিল হয়েছিল মানবজাতির পথপ্রদর্শক হিসেবে। তাই প্রতিটি মুসলমানের কর্তব্য রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা।
খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলনকে আরও সংগঠিত করার আহ্বান জানান এবং সারাদেশে জামায়াতের তৃণমূল পর্যায়ের কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, “এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার জোয়ার ছিল ব্যাপক। কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আমরা জিততে পারিনি।” তিনি নির্বাচনী অনিয়মের তীব্র সমালোচনা করে বলেন, জনগণের রায় যদি সঠিকভাবে প্রতিফলিত হতো তাহলে ফলাফল ভিন্ন হতো। দলের নেতাকর্মীদের হতাশ না হয়ে আরও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও বান্দরবান জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা এস এম আব্দুস সালাম আজাদ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর খাগড়াছড়ি সভাপতি আব্দুস সাত্তারসহ জোটের অন্য নেতৃবৃন্দ।