রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ Reading Time: < 1 minute
সংবাদদাতা:
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আস্থা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন।
তিনি উল্লেখ করেন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ অভিবাসন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও প্রসারিত হচ্ছে।
রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার জন্য রাশিয়ার সমর্থন কামনা করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করে।
দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং পারস্পরিকভাবে লাভবান অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বৈঠকটি শেষ হয়।