নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছীতে পূর্ববিরোধের জেরে রুবেল হোসেন (৪২) নামে বিএনপির এক কর্মীকে মারধর করে আহত করার পাশাপাশি নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদ হোসেন (৩২), তপু হোসেন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে রুবেল হোসেনের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পুকুরের মাটি খননকে কেন্দ্র করে নাহিদ হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে মিঠাপুর ইউপির ভেরেন্ডি বাজার এলাকায় একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে রুবেলকে একা পেয়ে অভিযুক্তরা পথরোধ করে মারধর করেন। এজাহারে উল্লেখ করা হয়, তপু হোসেনের নির্দেশে নাহিদ হোসেন স্টিলের পাইপ দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া বাঁশের লাঠি দিয়ে তাঁর পিঠ, কাঁধ ও হাতে আঘাত করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরাও তাঁকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করেন বলে এজাহারে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ সময় রুবেলের হাতে থাকা একটি রেডমি ১০সি মডেলের একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে সড়কে আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়। এতে প্রায় ৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি তাঁর লুঙ্গির কোচায় থাকা গরু কেনার জন্য রাখা ৩৫ হাজার টাকা নিয়ে যায় দুস্কৃতিকারীরা। পরে অভিযুক্তরা রুবেলকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়দের সহায়তায় আহত রুবেলকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গন্ধর্বপুর গ্রামের বিদ্যুৎ সোনার ও সুজাউল করিমসহ কয়েকজনকে সাক্ষী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ অন্যায় মেনে নেওয়ার মতো নয়।অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার হোক। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উক্ত ঘটনার পরে ভুক্তভোগী যুবক রুবেল কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।