বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা Reading Time: < 1 minute
নিজেস্ব সংবাদদাতা পাবনা
পাবনার হেমায়েতপুরে অবস্থিত গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ওএনএসআই’র যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) পরিচালিত এ অভিযানে গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজের উৎপাদন ও সংরক্ষণ পরিবেশ অত্যন্ত অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। এছাড়া স্যালাইন ও সংশ্লিষ্ট পণ্যে প্রয়োজনীয় বিএমআই (মাননিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য) উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ও মাননিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবহেলা ধরা পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
জানা গেছে, এর আগেও গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজ বিভিন্ন অপকর্ম ও ভেজাল ওষুধ তৈরির অভিযোগে আলোচনায় আসে। পূর্বে ডিবি পুলিশের অভিযানে প্রতিষ্ঠানটির মালিক সাইদুরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে জরিমানাও করা হয়।
এদিকে অভিযানের সময় পাবনার মালিগাছা মনোহরপুর এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠান এবং শহরের সাধুপাড়া এলাকায় অবস্থিত আরেকটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় সেগুলোতেও জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু অসাধু প্রতিষ্ঠান ভেজাল ও অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি ও বাজারজাত করে থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ভেজাল ও মানহীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।