রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার
প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় তারা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসুচি পালন করেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে পাবনা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এসময় নানা ধরনের স্লোগানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অনন্ত মোড়ে গিয়ে শেষ হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ। বক্তারা বলেন, অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। উল্লেখ, শনিবার (৭ ফেব্রয়ারি) রাতে পাবনা-৫ সংসদীয় আসনের পাবনার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীরমুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার
প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন
এদিকে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখা। রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, জামায়াত কর্মী আহত হওয়ায় তারা সমবেদনা জানাচ্ছে। তবে এই হামলার সাথে বিএনপি বা ধানের শীষের প্রার্থীর কোন রকম সম্পৃক্ততা নেই। জামায়াত ইসলামী বিএনপি ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের ভাবমুর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে বিএনপি’র লোকজনকে দোষারোপ করা হচ্ছে। রাযহান নামক হামলাকারী বিএনপি বা ধানের শীষের প্রার্থীর নির্বাচনী এজেন্ট বা নির্বাচন পরিচালনা কমিটির কোন সদস্য না। অথচ জামায়াত ইসলামী বিএনপি প্রার্থীকে দোষারোপ করে মিছিল মিটিং করছে। এহেন ষড়যন্ত্রমুলক কার্যকলাপ থেকে জামায়াত ইসলামীকে বিরত থাকতে বিএনপি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়। সেই সাথে হামলার সাথে জড়িত ব্যাক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুল হক মাসুদ খন্দকার। উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সদর ৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবু ওবায়দা শেখ তুহিন, মোসাব্বির হোসেন সঞ্জু, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌফিক হাবিব ও সাবির হাসান বাচ্চু, জেলা তাঁতী দল আহবায়ক প্রফেসর সাগর, সাইফুল ইসলাম বাদশা, ফরহাদ জোয়াদ্দারসহ প্রমুখ নেতৃবৃন্দ।