শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
রাজশাহী বার সমিতি নির্বাচনে সভাপতি আবুল কাসেম, সম্পাদক পারভেজ জাহেদী Reading Time: < 1 minute
রাজশাহী বার সমিতি নির্বাচনে সভাপতি আবুল কাসেম, সম্পাদক পারভেজ জাহেদী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতির পর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী বার ভবনের ১ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের প্রার্থী এ কে এম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম ও মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমনি, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।