সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরের তারাগঞ্জে মোস্তাফিজুর রহমান সোহাগ নামে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর এলাকা থেকে তাকে আটক করে তারাগঞ্জ থানার পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি এলাকার আনোয়ার হোসেন একটি মামলায় কারাগারে আছেন। আনোয়ার হোসেনের সঙ্গে মামলায় আটক হয়ে রংপুর মহানগরীর হাজীরহাট থানার মধ্য অভিরামপুর শুকানচৌকি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগও কারাবাসে ছিলেন। একইসঙ্গে থাকার সুবাধে আনোয়ারের কাছে সোহাগ তার পরিবার ও মামলা সম্পর্কে বিস্তারিত জেনে নেন।
এরপর জেল থেকে বের হয়ে আনোয়ারের বাড়িতে যান সোহাগ। মামলার বিস্তারিত বলে আনোয়ারের স্ত্রী শামীমাকে নানা রকম হুমকি-ধমকি দেন। মোটা অঙ্কের টাকাও দাবি করেন। বিষয়টি শামীমা বেগম প্রতিবেশীদের জানান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে সোহাগকে আটক করে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সোহাগকে আটক করে তারাগঞ্জ থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে শামীমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।