মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী
গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ঈশ্বরদীত বালু মহলের দখল কে কেন্দ্র করে জামায়েত ইসলামীর হামলায় ৬ জন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় চারটি বাড়ি ও ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, পদ্মানদীস্থ সাঁড়ার মাজদিয়া এলাকায় বালু ব্যবসা ও পদ্মানদীতে আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের গ্রুপের সাথে স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মেহেদী হাসান গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধায় মেহেদী গ্রুপ আব্দুর রাজ্জাকের বালুবাহী কয়েকটি ট্রাক আটকিয়ে দেয়। এ সময় রাজ্জাক গ্রুপের সদস্যরা মেহেদী হাসান গ্রুপের উপর গুলি বর্ষন করেন। গুলিবিদ্ধ হয়ে মেহেদী হাসানের ৬ কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গুলিবিদ্ধরা হলেন,উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খা’র ছেলে মিজান খা,শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। গুলিবিদ্ধরা ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসানের কর্মী।
ঘটনার সময় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সাদিয়া ফেরদৌস জানান, আহতদের সবার পায়ে গুলি লেগেছে। তারা শংকা মুক্ত। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় তাদের সবাইকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ
এদিকে, ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে সাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুর ইসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বাড়িতে থাকা ৮টি মোটসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে যান। ততক্ষণে বাড়িগুলো পুড়ে ভস্মিভূত হয়।

জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, জামায়েত ইসলামী ও কাকন বাহিনীর গুলিবর্ষণে বিএনপি’র ৬ কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে গুলি করে আহতের ঘটনায় হামলা কারীদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।