admin
- ২৩ সেপ্টেম্বর, ২০২৬ / ৪ Time View

বিএনপি’র কঠোর অবস্থানের মধ্যে জামায়াতের সমর্থনে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী ,পাবনা :
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মিছিল করার অভিযোগ উঠেছে । উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাসের নেতত্বে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা যুবলীগ আয়োজিত ওই মিছিলের একটি ভিডিও বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড অনেকটাই স্থবির ছিল। এর মধ্যেই বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক তৎপরতা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে আসছেন। কিন্তু জামায়াতের পক্ষ থেকে আওয়ামীলীগের বিরুদ্বে কোন অবস্থান গ্রহন করতে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাসের নেতৃত্বে প্রকাশ্য মিছিল ও শোডাউনের ভিডিও সামনে আসায় স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে তাকে অনুসারীদের নিয়ে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর। দলীয়ভাবে আলোচনা করে তাদের কীভাবে আরও কঠোরভাবে মোকাবিলা করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”
অন্যদিকে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) জাকারিয়া পিন্টু অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে অর্থের বিনিময়ে মিছিলের সুযোগ করে দিচ্ছেন। তাঁর সাহসেই নিষিদ্ধ আওয়ামী লীগ ঈশ্বরদীতে এমন তৎপরতার সুযোগ পাচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে জাকারিয়া পিন্টুর অভিযোগের বিষয়ে হাবিবুর রহমান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি। মিছিলের বিষয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসেরও কোনো বক্তব্য জানা যায়নি। এদিকে জামায়াতের সমর্থনের বিষয়ে উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রাং বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে অবস্থান বা মিছিল-মিটিং করার আমাদের কেন্দ্রীয় কোন নির্দেশনা নেই। কেন্দ্রীয় নির্দেশনার বাইরে ঈশ্বরদীতে আমাদের কিছুই করার নেই। বিএনপি’র দুই গ্রুপ, আওয়ামীলীগের বিরুদ্ধে মিছিল মিটিং করছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, গুপ্ত স্থান থেকে তারা ঝটিকা মিছিলটি করেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে যুবলীগের ব্যানারে ওই মিছিলটির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Post Views: 7