বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
মন্ত্রণালয়ের এ নির্দেশনার ফলে ২১ নভেম্বরের ঘোষিত নির্বাচনের পরিবর্তে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে। তবে নতুন নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি। Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের আয়োজনের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠেয় ঘোষিত নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষরকারী কর্তৃপক্ষের নির্দেশক্রমে রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সংগঠনের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ঘোষিত নির্বাচনের পরিবর্তে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। এ জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ অনুসরণ করে সংগঠনের ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন বোর্ড গঠন করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্য মোঃ আসাদুজ্জামানের ২৭ আগস্ট ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ নির্দেশনার ফলে ২১ নভেম্বরের ঘোষিত নির্বাচনের পরিবর্তে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে। তবে নতুন নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি। চিঠিটি রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।