নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে বাবা-মা দুজনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান স্ত্রী, হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন স্বামীকে । মুহূর্তেই শোকের মাতমে পরিনত হয় ছেলের বিয়ের আনন্দ প্রস্তুতি। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী-আলহাজ-নতুনহাট সড়কে ঘটে এ দুর্ঘটনা । নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রী মোড় মালিতাপাড়া এলাকার মৃত সাত্তারের ছেলে আনারুল উদ্দিন মালিথা ও তার স্ত্রী শম্পা খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলের আসন্ন বিয়েকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যোগে ঈশ্বরদী বাজারে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে আলহাজ থেকে নতুনহাট সড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান স্ত্রী শম্পা খাতুন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আনারুল উদ্দিন মালিথা। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক চালকবিহীন অবস্থায় আটক করে থানায় নেয়া হয়েছে।