বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা সদর উপজেলার শালগাড়ীয়া এলাকায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সামনে দশম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত মো. সিফাত (১৫) পাবনা জেলা স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সিফাত তার বন্ধু মো. রাদের সঙ্গে হাঁটাহাটি করছিল। এ সময় তারা হাসপাতালের ২য় গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে ৪টি মোটরসাইকেল ও একটি অটোযোগে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাদের পথরোধ করে।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা ধারালো চাইনিজ কুড়াল, চাকু, ছোরা, লোহার রড, জিআই পাইপ ও লাঠিসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। প্রথমে সিফাতের বন্ধু রাদের ওপর কুপিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে সিফাতকেও লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাম পাশে আঘাত করা হয়, যা গুরুতর কাটা জখমে পরিণত হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপে গুরুতর আঘাত লাগে, যার ফলে তাকে একাধিক সেলাই দিতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
হামলার সময় ভুক্তভোগীদের কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।