admin
- ১০ সেপ্টেম্বর, ২০২৬ / ২ Time View

পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযান দল বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাবনা সদর থানার চরতারাপুর ইউনিয়নের বাক্সীডাঙ্গী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাক্সীডাঙ্গী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে মো: মোতাহার হোসেন শেখ (৪৫), শুকচর গ্রামের মো: আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে মো: কুতুব উদ্দিন বিশ্বাস (৩০) ও ভাদুরিয়া ডাঙ্গী গ্রামের হাকিম প্রামাণিকের ছেলে মো: ইয়াছিন ওরফে ইছিন (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযানে বের হয়। অভিযান কালে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চরতারাপুর ইউনিয়নের বাক্সীডাঙ্গী গ্রামের মুজিব বাঁধ সংলগ্ন খালের দক্ষিণ পারে বিএডিসির সেচপাম্প ঘরে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সংবাদ জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অভিযান দলটি রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজন ও জব্দ তালিকার সাক্ষীদের উপস্থিতিতে সেচপাম্প ঘর থেকে তিনজন মাদক কারবারিকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে মোতাহার হোসেন শেখের পরিহিত লুঙ্গির বাম কোচা থেকে জিপারযুক্ত সাদা পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা, কুতুব উদ্দিন বিশ্বাসের লুঙ্গির ডান টেমর থেকে ৫০ পিস এবং ইয়াছিন ওরফে ইছিনের লুঙ্গির ডান কোচা থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা বলে পুলিশ জানায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে চরতারাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতো।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 3