শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫ পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি রাজশাহীর বিড়ালদহ কলেজে পুরো ক্লাশে একজন ছাত্রী অসন্তোষ প্রকাশ শিক্ষা উপদেষ্টার সকাল প্রি-ক্যাডেট স্কুলে ৫ম শ্রেনীর বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক 

পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি

পাবনা ঈশ্বরদীর মাজদিয়ায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দায় অস্বীকার,দোষীদের শাস্তি দাবি

Reading Time: 2 minutes

হাবিবুর রহমান, ঈশ্বরদী, পাবনা :
পাবনার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া এলাকায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে সংগঠনটি। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় উপজেলার মাজদিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরবর্তী সময়ে সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছমির উদ্দীন মেম্বারের বাড়িসহ বিভিন্ন বাড়িঘর, আসবাবপত্র ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পবিত্র কোরআন শরিফেও আগুন দেওয়ার অভিযোগ ওঠে।
বিএনপির দাবি, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং একটি মহলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে, এ ঘটনার সঙ্গে দলের কোনো ধরনের সংশ্লিষ্টতা বা সাংগঠনিক যোগসূত্র নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে একটি পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই পরিবারের কয়েকজন সদস্য বিএনপির নাম ও পরিচয় ব্যবহার করে ঈশ্বরদীতে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। হাট-বাজার, ঘাট, বালুমহাল, ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন সমিতি, প্রেসক্লাব, মসজিদ ও গোরস্থানসহ নানা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের অভিযোগও তোলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পাকশী রেলওয়ে অফিস ও প্রাণ কোম্পানিসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ঈশ্বরদী ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে ওই পরিবারের পাঁচ ভাইয়ের নামে অর্থ আদায়ের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি।
রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘটনায় তারা দলীয় শাস্তির মুখোমুখি হয়েছিলেন। পরবর্তী সময়ে ধানের শীষের প্রার্থী পরাজিত হলে তাদের আনন্দ-উল্লাসের ঘটনাও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় বলে দাবি করা হয়।
বিএনপির অভিযোগ, বালু ব্যবসাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সঙ্গে বিরোধের জেরে মাজদিয়া এলাকায় গিয়ে স্থানীয় মানুষের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ছমির উদ্দীন মেম্বারের বাড়িও পুড়ে যায়। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা পরিবার সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অধিকার রাখে না। অপরাধের দায় কোনোভাবেই দলের ওপর চাপানো যাবে না।
বিজ্ঞপ্তিতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর আইনগত পদক্ষেপ দৃশ্যমান নয় বলে দাবি করে বিএনপি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—মাজদিয়ার সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত; জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা; ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত; দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।
এ ছাড়া ঈশ্বরদীর শান্তিপ্রিয় মানুষ, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিদের দলমত নির্বিশেষে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার ও সদস্যসচিব মো. শরিফুল ইসলাম তুহিন এবং ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান পলাশ ও ইমরুল কায়েস সুমন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com