সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ Reading Time: 2 minutes
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীকে পরিবেশবান্ধব গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সঠিক মাস্টার প্ল্যান, পরিকল্পিত আবাসন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। একই সঙ্গে ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলা এবং নগর উন্নয়নে কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ প্রতিপাদ্যে বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে রাস্তা থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখা, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা এবং অগ্নি ও ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নেওয়া জরুরি। পরিকল্পিত নগরায়ণের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান, সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করতে হবে। অনুমোদনহীন নকশায় ভবন নির্মাণ বা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা নির্মাণ নগরীর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।
গ্রিন এনার্জির প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ইউসুফ আলী বলেন, বাসাবাড়ি ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল চালু হয়েছে। পর্যায়ক্রমে সরকারি অন্যান্য ভবনেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
আরডিএকে কঠোর তদারকি ও কাজের দক্ষতা বাড়িয়ে নিয়মমাফিক পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে রাজশাহীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় মুখ্য আলোচক ছিলেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবদুল ওয়াকিল। আলোচক ছিলেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী। আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন, আরডিএর প্রধান নির্বাহী মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।