রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
বখাটে ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে না দেওয়ায় পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে ছুরিকাঘাতে মেয়ের বাবা ফরিদ হোসেন (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদের বাড়ি ভাড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামে। বখাটে অনিক হোসেন (২৬) একই গ্রামের ইয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃৃপা সিন্ধু বালা স্থাণীয়দের তথ্যমতে জানান, বছর খানেক আগে ফরিদ হোসেনের মেয়ের সাথে বখাটে অনিক হোসেনের বিয়ের এনগেজমেন্ট হয়। বখাটেপনার কারণে পরে সেই বিয়ের এনগেজমেন্ট বাতিল করেন ফরিদ হোসেনের পরিবার। এরপর গত ৬মাস আগে ফরিদ হোসেন তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন। তারপর থেকে বখাটে অনিক নানাভাবে ফরিদের পরিবারের উপর মানষিক নির্যাতন চালিয়ে আসছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ভাড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ফরিদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে অনিক। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেন পুলিশ। ঘাতক অনিককে ধরতে ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।