সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে মোঃ সবুজ হোসেন (২৪) ও মোঃ ফারুকের ছেলে মোঃ মেহেদী (২৫) এবং সুজানগরের মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ সায়েম (২১)।
সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রবিবার (৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ১০টায় দোকানের কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন নগরীর হাফিজুর রহমান। এ সময় তার মোবাইলে ফোন আসলে তিনি ফোনে কথা বলতে থাকেন। এদিন রাত সাড়ে ১০টায় শাহ্মখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় দুইজন আরোহী-সহ একটি অটোরিক্সা পিছন দিক হতে দ্রæত গতিতে এসে অটোরিক্সার পিছনের সিটে বসা এক ব্যক্তি হাফিজুরের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। হাফিজুর রহমান তার সাইকেল ফেলে অটোরিক্সার পিছনে দৌঁড়াতে থাকে। নওদাপাড়া বাজারে পৌঁছে তিনি তার পরিচিত একজন মোটরসাইকেল চালককে দেখে তার মোটরসাইকেলের পিছনে উঠেন। এসময় রাস্তায় শাহ্মখদুম থানা পুলিশের টহল গাড়ি দেখে তিনি পুলিশকে ছিনতাইয়ের ঘটনা বলেন। টহল পার্টির ইনচার্জ শাহ্মখদুম থানার এসআই মোঃ আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক সেই অটোরিক্সাটিকে ধাওয়া করে। এরপর তারা মধ্য নওদাপাড়া থেকে ছিনতাইকারী সবুজ, মেহেদী ও সায়েমকে গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহ্মখদুম থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।