মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
জুয়েল ইসলাম, তারাগঞ্জ রংপুর :
রংপুরের তারাগঞ্জ বাজার সংলগ্ন গোয়ালপাড়ায় বৃহস্পতিবার বিকেল অনুমান দুইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায় রিপন চন্দ্র রায় (২৪) পিতা-মৃত বেরেন্দ্র রায় গোয়ালের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এতে তার দুটি শোবার ঘর ও একটি রান্নাঘরসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করতে থাকায় আগুন অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। এলাকাবাসী তারাগঞ্জ ফায়ার সার্ভিসে কল দিলে খুব দ্রুত দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বাড়ির মালিক রিপনের সাথে কথা হলে তিনি আহাজারী করে কাঁদতে কাঁদতে বলেন, “মোর সবকিছু আগুন পুড়ে ছাই করি দেইল। মুই এখন বউ বাচ্চা ধরি কোটে থাকিম। টাকা-পয়সা, চাল-ডাল, হাড়ি-পাতিল সবকিছু পুড়ে ছাই হয়া গেইছে বলে কাঁদতে থাকেন।”
২ নং কুর্শা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. ফিরোজ সরকারের সাথে কথা হলে তিনি খুবই দুঃখ প্রকাশ করে বলেন, হঠাৎ করে এমন অগ্নি কান্ড ঘটলো। খবর পাওয়া মাত্রই ছুটে যাই স্থানীয় এলাকাবাসীর সাথে আগুন নেভানোর চেষ্টা করি। তিনি আশ্বাস দিয়ে বলেন আমি সব সময় এলাকাবাসীর পাশে আছি থাকব আমার যতটুকু সাধ্য এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবো। এছাড়াও তিনি এলাকার জনপ্রতিনিধি, বিত্তবান ও ব্যবসায়ীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শরিফ উদ্দিন আবদুল্লাহ বলেন, “ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, খবর পাওয়া মাত্রই আমারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”