রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে
মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহ্বান Reading Time: 3 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদর আসন থেকে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। বৃহত্তর ১৬ জেলার মধ্যে পাবনা জেলা গত ৫৪ বছরে সব চেয়ে বেশি অবহেলিত। পাবনার উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পাবনার সাধারণ জনগণ, সুশীল সমাজ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এই জোরালো আহ্বান জানিয়েছেন। বৃহত্বর ১৬ জেলার অন্যতম হওয়া সত্ত্বেও স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা ও নেতৃত্বের শূন্যতার কারণে পাবনা সদর বা পুরো পাবনা জেলা দেশের অন্যান্য জেলার তুলনায় উন্নয়নের মহাসড়কে পিছিয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতা এবং সামগ্রিক উন্নয়নে স্থবিরতা পাবনা সদও উপজেলাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ। এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে পাবনা সদর ৫ আসনে একজন মন্ত্রীর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
অতীতে, ১৯৯৬ সালে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম বকুল এমপি নির্বাচিত হলেও সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় পাবনার উন্নয়নে তেমন গতি আসেনি। পরবর্তীতে জোট সরকার এলেও আসন ভাগাভাগির কারণে পাবনা সদর ও পাবনা-১ আসন জামায়াতে ইসলামীকে ছেড়ে দিতে হয়, যার ফলে বিএনপি সাংগঠনিক ভাবে এখানে দুর্বল হয়ে পরে । যার ফলে এবারের নির্বাচনে প্রত্যাশিত ফল লাভে ব্যর্থ হয়।

অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহ্বান
শিমুল বিশ্বাস অধিকার বঞ্চিত, নিপীড়িত ও শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা হিসেবে মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি জনগণের নেতা হিসেবে পরিচিত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন।
পাবনার গণমানুষের দাবির প্রেক্ষিতে শিমুল বিশ্বাস পাবনার উন্নয়নে ২৪ দফা ঘোষণা করেছেন। পাবনাবাসী বিশ্বাস করে, এই ২৪ দফার বাস্তবায়ন হলে পাবনার দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং পাবনার উন্নয়ন হবে ও আধুনিকায়ন সম্ভব হবে। জরাজীর্ণ পাবনা শহরের মান্ধাতা আমলের চিত্র পাল্টে যাবে, এমনটাই পাবনার মানুষের আকাঙ্ক্ষা ও দাবি।
পাবনা নাগরিক কমিটির কো-চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, খতিব আব্দুল জাহিদ মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, গোলাম রাব্বানি কামনা, মিসেস সোহানী হোসেন ও বাশার খান জুয়েল বলেন “শিমুল বিশ্বাস সারাটা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করেছেন। অবহেলিত পাবনার ভাগ্য উন্নয়নে উনাকে মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক। তারেক রহমানের উচিত হবে উনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে অবহেলিত পাবনার উন্নয়নের সুযোগ করে দেওয়া। বিগত দিনে উনি ওনার প্রশাসনিক দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন, যা প্রশ্নাতীত। উনি মন্ত্রিত্ব পেলেই এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে।
পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন বলেন, “শিমুল বিশ্বাস সারাজীবন নিয়মিত মানুষ এবং শ্রমিক শ্রেণীর অধিকারের পক্ষে উচ্চকণ্ঠ ছিলেন। পাবনার মানুষের উন্নয়নের জন্য উনাকে দরকার। পাবনার উন্নয়নের জন্য উনাকে ক্ষমতায়িত করা দরকার। বিএনপি নিশ্চয়ই ওনার প্রশাসনিক দক্ষতা, সততা এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট সেটার মূল্যায়ন করবে।”
পাবনার সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোরালো দাবি জানিয়েছেন যে, পাবনার জনগণের স্বার্থে, পাবনার উন্নয়নের স্বার্থে এবং সংগঠন হিসেবে বিএনপির স্বার্থে শিমুল বিশ্বাসকে মন্ত্রিত্ব দিতে হবে। দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, তার সম্মান রাখতে ও পাবনার উন্নয়নকে ত্বরান্বিত করতে শিমুল বিশ্বাসকে মন্ত্রিত্ব না দিলে এই অঞ্চলের উন্নয়ন পিছিয়ে যাবে এবং মানুষ বঞ্চিত হবে বলে তারা মনে করেন।
বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এই পরিস্থিতিতে, তারেক রহমানের কাছে পাবনার আপামর জনগণের দাবি, শিমুল বিশ্বাসকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে পাবনার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দীর্ঘদিনের অবহেলিত পাবনার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।